গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত ও টেকসই করতে রংপুর জেলার ১৯টি সড়ককে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর ফলে গ্রামীণ জনপদের সঙ্গে গুরুত্বপূর্ণ সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি পরিবহন ব্যয় কমানো ও প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ বাড়বে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ পরিকল্পনার কথা জানানো হয়। কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, মোবাইল অ্যাপস এবং ওয়েবভিত্তিক রোড অ্যান্ড স্ট্রাকচার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান বেটস কনসাল্টিং সার্ভিসের জিআইএস বিশেষজ্ঞ প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু জানান, কোর নেটওয়ার্কের প্রতিটি সড়কের গুরুত্ব ও মান নির্ধারণে সামাজিক-অর্থনৈতিক অবস্থা, সড়কের পৃষ্ঠের ধরন এবং যানবাহন চলাচলের হার বিবেচনায় নেওয়া হবে।
আলোচনায় অন্তর্ভুক্ত সড়কগুলোর প্রশস্তকরণ, টেকসই নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মুসার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএসএম মহসীন। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।