দেশে গুম-খুন ও হত্যার রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল জাবের। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে রাঙামাটি শহরের কলেজ গেট থেকে বনরূপা পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, গুম-খুনের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অথচ ন্যায্য দাবিতে আন্দোলনে নামলে তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। আন্দোলনরত শ্রমিকদের ছাত্রলীগ আখ্যা দিয়ে মারধরের অভিযোগও করেন তিনি।
তিনি আরও বলেন, এমন বাংলাদেশ গড়তে হবে, যেখানে রিকশা, ভ্যান কিংবা সিএনজিচালকসহ প্রত্যেক নাগরিক মর্যাদা ও ন্যায়বিচার পাবেন। পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার সবার নিশ্চিত করতে হবে।
এ সময় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি।
পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্য আদনান, হাদির পাঠশালার আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।