ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যার সাত বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কসবার নিমবাড়ি গ্রামের মোতাহার মিয়া এবং তার দুই ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। রায় ঘোষণার সময় কামাল আদালতে উপস্থিত থাকলেও অপর দুজন পলাতক ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী মনির মিয়ার সঙ্গে নিহত মানিক মিয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৮ সালের ১০ অক্টোবর রাতে আলোচনার কথা বলে মানিককে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর হামলা চালানো হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে পুলিশ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তিনজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সারওয়ার ই আলম জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।