অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ। সর্বশেষ গ্রেপ্তার দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্সবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্যামল চন্দ্র শীলের ছেলে শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।
অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, দুই আসামিকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।



