চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নয়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অর্থে বর্জ্য পরিবহনের জন্য ৫০টির বেশি আধুনিক যানবাহন, ল্যান্ডফিল পরিচালনার সরঞ্জাম এবং নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকার প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে আগামী ডিসেম্বরে জাইকার বিশেষজ্ঞ দল চট্টগ্রাম সফর করবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন ল্যান্ডফিল নির্মাণের জন্য ফতেয়াবাদ নন্দীরহাট এলাকায় ইতোমধ্যে ২৮ একর জমি অধিগ্রহণ করেছে চসিক। প্রকল্পের নকশা ও ব্যয় নির্ধারণে জাইকার বিশেষজ্ঞরা সংস্থাটিকে কারিগরি সহায়তা দিচ্ছেন বলে জানান জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিদেকি ওসাওয়া।
চসিক প্রশাসক জানান, সম্ভাব্যতা যাচাইয়ের কাজে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা দেবে। নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি বিদ্যমান ল্যান্ডফিলগুলোর উন্নয়নেও জাইকার সহায়তা চান তিনি।
প্রস্তাবিত অনুদান ও কারিগরি সহযোগিতা বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তি ব্যবস্থায় আধুনিকায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।




