নওগাঁর বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ এর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এবারের প্রতিপাদ্য ছিল রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী।
সভায় সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, ভেটেরিনারি সার্জন নুশরাত জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে খামারিদের উদ্বুদ্ধ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন সম্প্রসারণ এবং প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।




