রাঙ্গামাটি-বান্দরবান সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এক পিকআপের সেলসম্যান। এ ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় চন্দ্রঘোনা থানাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন দে (৪৫) আবুল খায়ের কোম্পানির সেলসম্যান ছিলেন। আহত চালকের নাম আমজাদ হোসেন (৬০)। তাদের দুজনের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক এলাকায়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্যবাহী পিকআপ ভ্যানটি রাঙ্গামাটি-বান্দরবান সড়ক দিয়ে বাঙ্গালহালিয়ার দিকে যাচ্ছিল। পথে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও সেলসম্যান গুরুতর আহত হন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশসহ বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে খোকন দেকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চালক আমজাদ হোসেনের চিকিৎসা চলছে।
ওসি এম সাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কী কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।