মেহেরপুরের গাংনী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় হাসপাতালের খাবারের মান, বাথরুমের পরিবেশ ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক পরিদর্শন করেন নেতারা। ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও নানা সমস্যার কথা শোনেন তারা। পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
পরে হাসপাতালের আঙিনা, বিভিন্ন স্থান ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কারে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, বামুন্দী বিএনপির সভাপতি রাশেদুল হক সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।