খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা আশপাশের দোকান ও কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনাস্থলে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকটও নিয়ন্ত্রণ কার্যক্রমকে দীর্ঘায়িত করেছে।
অগ্নিকাণ্ডে দোকান ও কারখানার মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের ধারণা, এ ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।