ঝালকাঠিতে সুবিধাবঞ্চিত শিশুসহ দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ প্রতিপাদ্যে সামাজিক ও মানবিক সংগঠন উই ক্যান চেঞ্জ (ডব্লিউসিসি) এ ক্যাম্পের আয়োজন করে। এতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অংশ নিয়ে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
সংগঠনটির চেয়ারম্যান এবং ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে চিকিৎসকেরা বিভিন্ন বয়সী শিশুকে সেবা দেন। এ সময় সাধারণ ও জটিল রোগের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে ছোটবেলা থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারে না। তাদের কাছে চিকিৎসাসুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন।
আয়োজকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে তাদের।