রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ব্যয় নিয়ে নতুন করে হিসাব-নিকাশ চলছে। প্রকল্পের শুরুতে প্রতি ইউনিট বিদ্যুৎ ৫–৬ টাকায় উৎপাদনের প্রত্যাশা থাকলেও ডলারের মূল্যবৃদ্ধি ও বৈদেশিক ঋণের চাপে ইউনিট প্রতি প্রাথমিক ব্যয় প্রায় ১০ টাকা হতে পারে। তবে সরকারের নীতিগত সহায়তা ও আর্থিক পুনর্বিন্যাসের মাধ্যমে এই ব্যয় ৬–৭ টাকায় নামিয়ে আনার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতোমধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করতে হবে। এ জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
কেন বাড়ছে উৎপাদন খরচ
রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনপিসিবিএল সূত্র জানায়, কেন্দ্রটির সম্ভাব্য ৬০ বছরের আয়ুষ্কালে নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জ্বালানি এবং অন্যান্য ব্যয়ের হিসাব করে মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দিয়ে ভাগ করে ইউনিটপ্রতি উৎপাদন খরচ নির্ধারণ করা হয়।
জানা যায়, গত বছরের নভেম্বরে উৎপাদন ব্যয় নিরূপণের জন্য পিডিবি ১৭ ধরনের তথ্য চেয়েছিল। অধিকাংশ তথ্য সরবরাহ করা হলেও কেন্দ্রের আয়ুষ্কাল শেষে বন্ধ করার ব্যয় এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানিবর্জ্য অপসারণের খরচ এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক মান অনুসারে এসব ব্যয়ের আনুমানিক হিসাব যুক্ত করে প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ইউনিটের দাম দাঁড়িয়েছে ৮ সেন্টের কিছু বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ টাকা।
পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, কেন্দ্রটির আয়ুষ্কাল ৬০ বছর ধরে উৎপাদন খরচ হিসাব করতে বলা হয়েছে। শুরুতে ৫০ বছর ধরে হিসাব করার প্রস্তাব ছিল। আয়ুষ্কাল বাড়লে প্রতি ইউনিটের খরচ কমে আসবে। পিডিবি উৎপাদন ব্যয় যতটা সম্ভব কম রাখার চেষ্টা করছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের কয়েকটি বিষয় এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু চুক্তিও বাকি রয়েছে। আন্তর্জাতিক কাঠামো অনুসরণ করে পিডিবি, এনপিসিবিএল ও পরমাণু শক্তি কমিশন এ বিষয়ে আলোচনা করছে।
ডলারের মূল্যবৃদ্ধিতে বাড়তি চাপ 
রূপপুরের উৎপাদন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় হার। কেন্দ্রটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ২০১৫ সালে চুক্তির সময় প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৫ থেকে ৬ টাকা ধরা হয়েছিল। কিন্তু গত ১১ বছরে ডলারের দাম বেড়েছে অনেক। এতে প্রকল্পের ব্যয় ও ঋণ পরিশোধে আর্থিক চাপ বেড়েছে।
এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতার ব্যবহার বা প্ল্যান্ট ফ্যাক্টর কিছুটা কম ধরে হিসাব করা হয়েছে। সরকারি সংস্থাগুলোর মুনাফা এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিবিমার ব্যয় যুক্ত হলে উৎপাদন খরচ আরও বাড়তে পারে।
পরমাণু বিশেষজ্ঞরা বলেছেন , আন্তর্জাতিক তুলনায় ভারতের পারমাণবিক বিদ্যুতের উৎপাদন খরচ তুলনামূলক কম। দেশটির রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রতি ইউনিট পারমাণবিক বিদ্যুতের গড় দাম ৩ দশমিক ৮৩ রুপি। করসহ তা ৩ দশমিক ৯০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ টাকা। তবে এনপিসিবিএলের কর্মকর্তারা বলছেন, দুই দেশের প্রকল্পের আর্থিক ও পরিচালনাগত কাঠামো এক নয়। তাই সরাসরি তুলনা করা ঠিক হবে না।
১০ টাকা থেকে ৬–৭ টাকায় নামানোর পথ 
বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট ব্যয়ের প্রায় ৭০ শতাংশই মূলধনি ব্যয়। ফলে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ কমাতে কেন্দ্রের আয়ুষ্কাল, উৎপাদন সক্ষমতার ব্যবহার এবং ডিসকাউন্ট রেট—এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ।
রূপপুরের আয়ুষ্কাল ৬০ বছরের পরিবর্তে ৮০ বছর ধরে হিসাব করার সুযোগ রয়েছে। আন্তর্জাতিকভাবে প্ল্যান্ট ফ্যাক্টর ৯২ শতাংশ ধরা হয়। অন্যদিকে ডিসকাউন্ট রেট ৫ থেকে ৬ শতাংশের মধ্যে রাখা সম্ভব হলেও বাংলাদেশের অন্যান্য প্রকল্পে সাধারণত ১২ শতাংশ ধরা হয়। বিশেষজ্ঞদের হিসাবে, এই হার ও অন্যান্য আর্থিক শর্তের পরিবর্তনে ইউনিটপ্রতি উৎপাদন ব্যয়ে উল্লেখযোগ্য পার্থক্য হতে পারে। ডিসকাউন্ট রেট ৫ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ ধরলে প্রতি ইউনিট খরচ চার টাকার বেশি বেড়ে যেতে পারে।
আরেকটি বড় বিষয় রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময়সীমা। ২০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হলে শুরুর দিকে আর্থিক চাপ বেশি থাকবে। বিশেষজ্ঞদের মতে, সরকার চাইলে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নিতে পারে। পাশাপাশি প্রথম ২০ বছর ঋণ পরিশোধে সরকারি ভর্তুকি বা আর্থিক সহায়তা দেওয়া হলে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জ্বালানিবর্জ্য অপসারণ ও কেন্দ্র বন্ধ করার ব্যয় আন্তর্জাতিক মান অনুসারে নির্ধারণ করা উচিত। বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিটি খাতের ব্যয় পর্যালোচনা প্রয়োজন। সবকিছু বিবেচনায় রূপপুরে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ সর্বোচ্চ ৮ টাকা হতে পারে। তবে সরকার প্রয়োজনীয় সহায়তা দিলে তা ৬ থেকে ৭ টাকার মধ্যে রাখা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, রূপপুরের বিদ্যুতের দাম নির্ধারণে শুধু তাৎক্ষণিক উৎপাদন ব্যয় বিবেচনা করলেই হবে না। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা, আমদানি নির্ভরতা হ্রাস এবং দেশের অর্থনীতিতে পারমাণবিক বিদ্যুতের সম্ভাব্য সুফলও বিবেচনায় নিতে হবে। শেষ পর্যন্ত রূপপুরের বিদ্যুতের দাম কত হবে, তা অনেকাংশেই নির্ভর করছে সরকারের আর্থিক ও নীতিগত সিদ্ধান্তের ওপর।