জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক অটোচালককে গলা কেটে হত্যার পর তার ব্যাটারিচালিত অটো নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশের নির্জন জায়গা থেকে সাখাওয়াত হোসেন (৩৫) নামে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
সাখাওয়াত উপজেলার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) জীবিকার জন্য অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে পাথরঘাটা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়।
বুধবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একজন অটোচালককে এভাবে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। নিহতের পরিবার এবং এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।