শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভা ও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত। রোববার (১৮ অক্টোবর) তারা পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তারা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজারীদের খোঁজখবর নেন। ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন জানান, পিরোজপুর পৌর এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তারা। এ ছাড়া জেলার জিয়ানগর উপজেলার পাঁচ থেকে সাতটি পূজামণ্ডপও পরিদর্শন করা হয়েছে।
আখতারুজ্জামান শেখ রাহাত বলেন, তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম. ডি. লিয়াকত আলী শেখ বাদশার আদর্শ অনুসরণ করে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও জানান তিনি। পরিদর্শনের সময় পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দুই অতিথি।
এদিকে, পিরোজপুরের সাতটি উপজেলায় ৪৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। প্রত্যন্ত এলাকার মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকিতে টহল দলও কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।