ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সুমন শেখ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমনের সহপাঠী শাহরিয়ার আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে শনিবার পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
শাহরিয়ার আহমেদ জানান, হাসপাতালে তিনি ও সুমনের এক বোনের জামাই রয়েছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যদের পৌঁছানো এবং হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ওপর বাড়ি ফেরার সময় নির্ভর করছে। সুমন শেখের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকায় বলে জানা গেছে।




