সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মুন্নাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান, বুধবার রাতে মুন্নাফ ও চন্দন পাল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঘোষগাঁতী এলাকা থেকে শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মুন্নাফ ও যাত্রী চন্দন পালের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




