ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার পলিয়ানপুর সীমান্তের পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানি গ্রামের আব্দুর সাত্তারের মেয়ে মিম আক্তার (২৭) এবং যশোরের অভয়নগর উপজেলার সংঘভাষা গ্রামের মো. আকবর মোল্লার মেয়ে মোছা. সুমাইয়া খাতুন (২০)।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর বিওপির কমান্ডার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/১৮-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় পলিয়ানপুর পশ্চিমপাড়া এলাকার একটি কাঁচা রাস্তা থেকে ওই দুই নারীকে আটক করা হয়। তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের উদ্দেশ্যে দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক দুই নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।