আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুর শহরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জিয়া সাইবার ফোর্স। শনিবার রাতে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগের কর্মকাণ্ডেরও প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা। শহরের দমকল এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতৃত্ব দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান।
সমাবেশে বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাঁরা রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্যসচিব রিপন হোসেন হৃদয়, শ্রমিকদল নেতা গেন্দা শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল হাসান খান মুক্তা, ছাত্রদলের সাবেক নেতা আবু তালহা, সানোয়ার হোসেন ছানু, শাহরিয়ার হোসেন শিপু, জুটন মিয়া, মাসুদ রানা মাসুম, নূর মোহাম্মদ বাবু, মোহাম্মদ রাজু, জাহিদ হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




