ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা না মানার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম মুজাহিদুল ইসলাম। তিনি সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের একটি সূত্রের দাবি, সম্প্রতি মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে। তবে সিএমপি কমিশনার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার কারণেই তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশনার বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে তিনি আলাদা করে কোনো মন্তব্য না করে বরখাস্তের কারণ হিসেবে আদেশ অমান্যের বিষয়টিই উল্লেখ করেন।
এদিকে, সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার। তাকে শুধু সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছিল।