লিবিয়ার ভয়াবহ ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন বন্দি থাকার পর দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়াস্ত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাঁদের নিরাপদে দেশে ফেরানো সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৩ জন নারী, ১টি শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

জানা গেছে, উন্নত জীবন ও জীবিকার প্রলোভনে পড়ে এসব বাংলাদেশি অনিয়মিত উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিলেন। যাত্রাপথে সমুদ্র থেকে উদ্ধার বা আটক হওয়ার পর লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে অত্যন্ত মানবেতর পরিবেশে আটক রাখা হয় তাঁদের।

 বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও আইওএম-এর সহযোগিতায় আটককৃতদের পরিচয় নিশ্চিতের পর নিয়মিত এই প্রত্যাবাসন প্রক্রিয়া চালমান রয়েছে। এর আগে গত ৭ আগস্ট ৩৪০ জন বাংলাদেশি দেশে ফেরেন, ফলে চলতি আগস্ট মাসেই লিবিয়া থেকে মোট ৫১৪ জনকে দেশে ফিরিয়ে আনা হলো। মানব পাচারকারীদের খপ্পরে না পড়ে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।