কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আজ বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। ২০২৩ সালের এই দিনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এই আন্দোলনের অংশ হিসেবে মূল গণসমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ারে।

পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জানিয়েছেন, পেশাওয়ারের মোটরওয়ের কাছে মূল সমাবেশটি অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন দলের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর খান এবং মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। এই সমাবেশ থেকেই ইমরান খানের মুক্তির দাবির পরবর্তী আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা। দেশের অন্য তিনটি প্রদেশে স্থানীয় নেতাদের সুবিধাজনক স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ পালিত হবে।

তবে পাঞ্জাব সহ বিভিন্ন স্থানে পুলিশি বাধা ও নেতাকর্মীদের ওপর অভিযানের অভিযোগ করেছে দলটি। তাছাড়া নিরাপত্তার অজুহাতে রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে জনসভা করার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। অন্যদিকে করাচিতেও প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের প্রস্তুতি থাকলেও প্রশাসনের দিক থেকে মেলেনি স্পষ্ট অনুমতি।

সব বাধা সত্ত্বেও পিটিআই নেতারা দেশবাসীকে রাজপথে নেমে শান্তিপূর্ণ আন্দোলন বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের বোন আলিমা খান এবং দলীয় আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে কর্তৃপক্ষ তাঁদের সাক্ষাৎ করতে দেয়নি।