নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার আগে চীন কোনো সময়োপযোগী আগাম সতর্কতা দেয়নি বলে দাবি করেছেন নেপালের সাবেক বন ও পরিবেশমন্ত্রী মাধব প্রসাদ চৌলাগাই।

শনিবার (২৯ আগস্ট) এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নেপাল-তিব্বত সীমান্তে বরফ, পাথর ও কাদার প্রবল স্রোত আঘাত হানার আগে নেপাল চীনের কাছ থেকে কোনো সতর্কবার্তা পায়নি।

তার দাবি, দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ব্যর্থতার কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ২০২৫ সালের একটি ছোট আকারের হিমবাহ-সংক্রান্ত ঘটনার পর তথ্য বিনিময়ের ব্যবস্থা তৈরি হলেও এবার তা ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি।

চীন থেকে ধসের উৎপত্তি নেপালের ভূখণ্ডে—এমন দাবি করা হলেও তা প্রত্যাখ্যান করে চৌলাগাই বলেন, ঘটনাটির উৎপত্তি তিব্বতে হয়েছে। এ বিষয়ে আরও স্বচ্ছতা ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

এদিকে নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬২৬ জনে পৌঁছেছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে। প্রায় ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।