ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের মধ্যে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানানোর পর এবার প্রধান বিচারপতির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে চায় জোটটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বিরোধী নেতাদের বৈঠক হওয়ার কথা। এতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে জোটের পক্ষ থেকে আর কারা উপস্থিত থাকবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
খাড়গে জানিয়েছেন, ভোটে ‘চুরি’ এবং দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ নিয়ে তাদের উদ্বেগ প্রধান বিচারপতির কাছে তুলে ধরবেন। তিনি বলেন, প্রধান বিচারপতির কাছে কোনো দাবি জানাবেন না; বরং বিনীতভাবে নিজেদের বক্তব্য তুলে ধরবেন।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছিলেন বলে জানান খাড়গে। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে যাওয়া প্রতিনিধিদলের কয়েকজন নেতাও এই উদ্যোগে যুক্ত থাকতে পারেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থী নেতৃত্বের প্রতিনিধিদের থাকার কথা রয়েছে। তবে চূড়ান্ত তালিকা এখনো স্পষ্ট নয়।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে গত মঙ্গলবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা রাস্তায় নামেন। ‘নির্বাচন সদন’ অভিমুখে বিরোধী সাংসদদের কর্মসূচি ঘিরে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়। পরে শুক্রবার ‘ইন্ডিয়া’ জোটের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশনকে ঘিরে তাদের অভিযোগ তুলে ধরে।
শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানান, সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিরোধী জোট। কর্মসূচির ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানোর পর প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্যোগকে একই ইস্যুতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিরোধীদের ধারাবাহিক বক্তব্য তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।