হরমুজ প্রণালিতে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সংঘর্ষ ও সাত সেনাসদস্য নিহত হওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

ইরানি গণমাধ্যমসহ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে তৈরি হওয়া মানসিক চাপ থেকে রণতরীটির ক্রুদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মার্কিন নৌবাহিনীর অন্তত সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদন প্রকাশিত হয়।

তবে এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে সেন্টকম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তারা জানায়, আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিনরা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করেও দায়িত্ব পালনে দৃঢ় রয়েছেন।

সেন্টকমের তথ্য অনুযায়ী, দলটি ২৬০ দিনেরও বেশি সময় সমুদ্রে ছিল এবং এ সময়ে ১০ হাজারের বেশি বিমান উড্ডয়ন ও প্রায় ১৫ লাখ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের মতো সামরিক কার্যক্রম পরিচালনা করেছে।

মার্কিন কমান্ড আরও নিশ্চিত করেছে, রণতরীতে কোনো সেনাসদস্য নিহত হননি। ৩ আগস্ট একজন নাবিক সমুদ্রে পড়ে গেলেও তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়েছিল।