ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিষয়টি এখন আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে বড় ধরনের বিরোধের রূপ নিয়েছে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিফার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (FFE)-এর অংশীদারত্ব বিক্রির একটি পরিকল্পনা। প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠানটির ২০ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল।

উয়েফার অভিযোগ, এই পরিকল্পনা তৈরির সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফিফার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গেও প্রয়োজনীয় পরামর্শ করা হয়নি বলে অভিযোগ করেছে তারা।

এ ছাড়া অংশীদারত্বের প্রস্তাবিত মূল্য নির্ধারণে ইনফান্তিনোর ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেছে উয়েফা।এ ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি আদালতের মাধ্যমে সম্ভাব্য প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে উয়েফা। থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে থাকা নথি এবং যোগাযোগের তথ্য সংগ্রহের জন্য আদালতের সহায়তা চাওয়া হয়েছে।

উয়েফার আইনজীবীরা জানিয়েছেন, ইনফান্তিনো এবং ফিফার অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে সুইজারল্যান্ডের আইনে ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগ আনার বিষয়টি তারা বিবেচনা করছেন।

তবে বিতর্কিত প্রকল্পটি ইতোমধ্যেই বাতিল করেছে ফিফা। ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর ব্যাপক বিরোধিতার পর গত ১ আগস্ট পরিকল্পনাটি প্রত্যাহার করেন ইনফান্তিনো।

পরিস্থিতির কারণে উয়েফা ফিফা আয়োজিত কয়েকটি প্রতিযোগিতা থেকে ইউরোপীয় দল প্রত্যাহারের হুমকিও দিয়েছিল। পরে ফিফা প্রকল্পটি স্থায়ীভাবে বাতিলের নিশ্চয়তা দেওয়ায় সেই বর্জনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।তবে উয়েফা জানিয়েছে, শুধু প্রকল্প বাতিল করলেই তাদের উদ্বেগ দূর হচ্ছে না। তারা একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।