ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিওর ফুসফুসে অস্ত্রোপচার করা হবে। ফুসফুসে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া একটি অস্বাভাবিক পিণ্ড অপসারণের জন্য এ অস্ত্রোপচারের পরিকল্পনা করা হয়েছে। অস্ত্রোপচারের পর সুস্থ হতে তাকে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছে ভ্যাটিকান।
৭১ বছর বয়সী পোপের মঙ্গলবার ইতালির রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সব সাক্ষাৎ ও কর্মসূচি বাতিল করে ভ্যাটিকান। তবে অস্ত্রোপচারের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
চিকিৎসাবিজ্ঞানে সাধারণত তিন সেন্টিমিটারের কম আকারের অস্বাভাবিক অংশকে ফুসফুসের পিণ্ড হিসেবে বিবেচনা করা হয়। সিটি স্ক্যানে অন্য কোনো সমস্যা পরীক্ষার সময়ও এমন পিণ্ড শনাক্ত হতে পারে। এটি নিরীহ হতে পারে, আবার ক্যানসারযুক্তও হতে পারে।
যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের লোম্বার্ডি ক্যানসার চিকিৎসাকেন্দ্রের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ স্টিফেন লিউ বলেন, পিণ্ডটি ক্যানসারযুক্ত হলেও প্রাথমিক পর্যায়ে অপসারণ করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা ভালো। কিছু ক্ষেত্রে শুধু অস্ত্রোপচারের মাধ্যমেই চিকিৎসা সম্পন্ন হতে পারে। তবে পোপের ফুসফুসের পিণ্ডটি ক্যানসারযুক্ত কি না, তা জানায়নি ভ্যাটিকান।
ভ্যাটিকানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় পিণ্ডটি ধরা পড়ে। নির্দিষ্ট কোনো অসুস্থতার কারণে পরীক্ষা করানো হয়নি। পোপের শারীরিক অবস্থা অন্যথায় ভালো এবং তিনি সক্রিয় রয়েছেন বলে জানানো হয়েছে।
রোমের জেমেলি হাসপাতাল পোপদের চিকিৎসার জন্য পরিচিত। হাসপাতালটির দশম তলায় পোপদের জন্য বিশেষ আবাসনের ব্যবস্থা রয়েছে, যেখানে ব্যক্তিগত প্রার্থনাকক্ষও আছে। প্রয়াত পোপ ফ্রান্সিস জীবনের শেষ দিকে দীর্ঘ অসুস্থতা ও শ্বাসকষ্টের সময় এ হাসপাতালেই চিকিৎসা নিয়েছিলেন। পোপ দ্বিতীয় জন পলও সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন।
আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের পরিকল্পনা রয়েছে পোপ লিওর। এ সফরে একাধিক উড়োজাহাজ ও হেলিকপ্টারযাত্রার পাশাপাশি পেরুর উচ্চতাপূর্ণ এলাকায় যাওয়ার কর্মসূচি রয়েছে। অস্ত্রোপচার ও সুস্থতার প্রক্রিয়া সফরে প্রভাব ফেলবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে রোববার পোপ জানিয়েছিলেন, সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
অস্ত্রোপচারের সময় অচেতন থাকলেও পোপের পদ ও কর্তৃত্ব বহাল থাকবে। গুরুতর অসুস্থতার কারণে কোনো পোপ দায়িত্ব পালনে অক্ষম হলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়ে ভ্যাটিকানের আইনে সুনির্দিষ্ট বিধান নেই। অতীতে পোপ ফ্রান্সিস ও পোপ দ্বিতীয় জন পল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও দায়িত্বে বহাল ছিলেন।
এদিকে পোপ লিও সম্প্রতি কার্ডিনালদের পরিষদের নতুন প্রধান হিসেবে ফিলিপাইনের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলকে নিয়োগ দিয়েছেন। ৬৯ বছর বয়সী তাগল কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার পারিবারিক সেবাবিষয়ক একটি সম্মেলনের সমাপনী প্রার্থনায় পোপের পরিবর্তে তাগলের অংশ নেওয়ার কথা রয়েছে।