পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞসহ একটি অভিজ্ঞ মেডিকেল টিম ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে তাকে 'চিকিৎসাগতভাবে সুস্থ' ঘোষণা করেন. এরপরই তাকে পুনরায় কারাগারে স্থানান্তর করা হয়। 

কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ও বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে পরীক্ষার নির্দেশ দেন।

বৃহস্পতিবার গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়ার সময় এবং হাসপাতাল এলাকায় প্রায় ৮০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

ইমরান খানের দল পিটিআই (PTI) আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছিল. তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তড়িঘড়ি করে তাকে আবার কারাগারে ফেরত পাঠানোয় সমর্থকদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ৭৩ বছর বয়সী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে তোশাখানা দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন, যা তিনি শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।