কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে স্বজনদের দীর্ঘ প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়েছে।

গত ১৯ আগস্টের ওই অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন। ময়নাতদন্ত প্রতিবেদন ও বাংলাদেশি দূতাবাসের প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও নিউমার্কেট থানা থেকে মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সাধারণ ডায়েরির (জিডি) কপি পেতে বিলম্ব হওয়ায় দেশে ফেরানোর প্রক্রিয়া আটকে যায়।

দীর্ঘ অপেক্ষা ও আইনি জটিলতার কারণে সাতক্ষীরার রেবতী সরকারের পরিবার শেষ পর্যন্ত মরদেহ দেশে না এনে কলকাতাতেই সৎকারের সিদ্ধান্ত নেয়।

এদিকে তদন্তে উঠে এসেছে, ‘শিখা ইন’ নামের ওই হোটেলের বৈধ কাগজপত্র ও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঘটনার পর স্থানীয় দমকল বিভাগ আশপাশের আরও ২৬টি হোটেল ও চারটি রেস্তোরাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

জটিলতা কাটিয়ে ২২ আগস্ট সকাল থেকে বেনাপোল ও ভোমরা সীমান্ত দিয়ে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।