ভারতের দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপসহ তিন নেতাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন আদালত। অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর তাদের মুক্তি দেওয়া হয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লিতে উড়োজাহাজ থেকে নামার পর তাদের আটক করা হয়েছিল। আদালত তাদের এক বছরের জন্য শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্ত দিয়েছেন। মুক্তির পর রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় সিজেপি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছে দলটি। সিজেপির দাবি, ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া এবং তালিকায় কারসাজির অভিযোগের জবাব না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার দিল্লিতে তিন হাজারের বেশি বিক্ষোভকারী ও রাজনীতিককে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভ ঠেকাতে যন্তর মন্তরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ইউটিউব অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠিও ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিক্ষোভ ও ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। বিজেপি সিজেপির বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত প্রকাশের অধিকার রয়েছে, তবে নৈরাজ্য ছড়ানোর অধিকার কারও নেই।