ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার এবং সংসদবিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্যপদ ছাড়ার জন্যও আবেদন করেছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন মুরুগান। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি এবং রাজ্যসভার সদস্যপদ ছাড়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুরুগান বলেন, মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ তার জীবনের সবচেয়ে বড় সম্মান। এখন তিনি দলীয় কর্মীদের পাশে থেকে তৃণমূল পর্যায়ে কাজ করতে এবং রাজ্যে বিজেপিকে শক্তিশালী করতে চান।
পোস্টে তিনি নিজের রাজনৈতিক নীতির কথাও তুলে ধরে বলেন, ‘সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।’
এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনার মধ্যেই মুরুগানের এ সিদ্ধান্ত সামনে এসেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন মন্ত্রী ও রাজ্যসভার সদস্যের পুনর্মনোনয়ন নিয়ে জল্পনার কারণে ভারতের রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভার সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। তবে মুরুগানের পদত্যাগের সঙ্গে সম্ভাব্য রদবদলের সরাসরি সম্পর্কের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।




