দেশের জরুরি গ্যাসের চাহিদা পূরণে আট কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অনুষ্ঠিত কমিটির ২৫তম সভায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এলএনজি আমদানির পাশাপাশি আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়। আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে তৈরি হওয়া জরুরি গ্যাসের চাহিদা মেটাতেই এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদন অনুযায়ী হংকং ঝেনইউ শিপিং, মালয়েশিয়ার পেট্রোনাস, চীনের চায়না রুনজে হোল্ডিংস এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকর্পোরেটেড থেকে দুটি করে মোট আট কার্গো এলএনজি কেনা হবে।

এ ছাড়া নদী প্রবাহ পুনরুদ্ধার, নৌপথ উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদী খননের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য অ্যান্ড্রয়েড ট্যাব কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।