পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।বুধবার সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের নার্সারিতে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় সেখানে ১৬টি শিশু ছিল। এর মধ্যে একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, হাসপাতালের তিন তলায় অবস্থিত নার্সারিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শীতলীকরণের কাজ শুরু করা হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।