২০ আগস্ট বৃহস্পতিবার সকালে সোকোতো রাজ্যের গোরোনিও এলাকার গোরাউ গ্রামের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে থাকা যাত্রীদের বেশিরভাগেরই বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

নৌকার আরোহীরা মূলত স্থানীয় খামারের মালিক ও শ্রমিক ছিলেন। তারা নদীর অন্য প্রান্তে ধান কাটার কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। নদী থেকে যাত্রা শুরু করার মাত্র এক মিনিটের মাথায় এটি উল্টে যায়। বর্ষাকালে অতিরিক্ত স্রোত এবং নিরাপত্তা বিধির অভাবও এর অন্যতম কারণ।

নৌকাটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় ডুবুরি ও উদ্ধারকারীদের সহায়তায় নদী থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নাইজেরিয়ার নদী ও জলপথগুলোতে অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং বর্ষাকালে তীব্র স্রোতের কারণে প্রায়শই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।