নারীর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা এবং গবেষণাভিত্তিক নারী আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ মহিলা পরিষদের ‘জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার’। এ কেন্দ্রের মাধ্যমে নারী আন্দোলনের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার প্রসার এবং অর্জিত জ্ঞান বাস্তব কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর অধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী আন্দোলনকে সময়ের চাহিদা অনুযায়ী আরও কার্যকর করতে কর্মীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন এই কেন্দ্র গবেষণা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সে সুযোগ তৈরি করবে। তিনি কেন্দ্রটির কার্যক্রমকে সংগঠনের গণ্ডি পেরিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। প্রয়াত জোবেদা হকের জীবনাদর্শ ও সমাজের প্রতি অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী আন্দোলনের অগ্রযাত্রায় নানা প্রতিবন্ধকতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠকদের জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা জরুরি। নতুন রিসোর্স সেন্টারটি নারী আন্দোলনের কর্মীদের জন্য তথ্য, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে প্রাতিষ্ঠানিক ও একাডেমিক গবেষণার সংযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এর ফলে নারী অধিকার ও সমাজ উন্নয়নের কার্যক্রম আরও তথ্যনির্ভর হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু। তিনি জেন্ডার বিষয়ে গবেষণা সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার গবেষণা প্রস্তাব তৈরিতে বৈজ্ঞানিক পদ্ধতি, সাহিত্য পর্যালোচনা, বাস্তবায়নযোগ্য লক্ষ্য ও গবেষণার স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ এবং নারী অধিকার ও নীতিনির্ধারণে গবেষণালব্ধ তথ্য ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্নাতক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ চালুর ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে আবেদনপ্রক্রিয়া ও শর্তাবলি তুলে ধরেন মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান।
এ ছাড়া ‘ক্রেস্ট ফেলোস ২০২৬’-এর বিদায়ী সংবর্ধনা, ‘ক্রেস্ট ফেলোস ২০২৭’-এর নবীনবরণ এবং গবেষণা ও জ্ঞানচর্চা সম্প্রসারণে সংশ্লিষ্ট উদ্যোগগুলো নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিআইজিডির জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন ক্লাস্টারের প্রধান মাহিন সুলতানাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী, কর্মকর্তা, তরুণী সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজনে প্রায় ৯০ জন অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের সম্পাদক রীনা আহমেদ।