অনলাইন কেনাকাটার ধরন বদলে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটিতে ‘ওয়ালেট’ সুবিধা চালুর মাধ্যমে এবার ব্যবহারকারীর হয়ে পণ্য খোঁজা, পছন্দ নির্বাচন থেকে শুরু করে অর্থ পরিশোধের প্রক্রিয়াও সামলাতে পারবে এআই এজেন্ট। ফলে কেনাকাটায় ব্যবহারকারীর সরাসরি অংশগ্রহণ অনেকটাই কমে আসবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধার ঘোষণা দেয় ওপেনএআই। শুরুতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু চ্যাটজিপিটি প্রো গ্রাহক এটি ব্যবহারের সুযোগ পাবেন। এজন্য ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড কিংবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে।
নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির ‘ডটস’ এআই এজেন্ট ব্যবহারকারীর চাহিদা বুঝে কেনাকাটার পরামর্শ দেবে। পছন্দের পণ্য নির্ধারণের পর কেনার আনুষঙ্গিক কাজও এগিয়ে নেবে। তবে অর্থ পরিশোধের চূড়ান্ত অনুমতি ব্যবহারকারীকেই দিতে হবে।
লেনদেন সম্পন্ন করার আগে পণ্যের তথ্য, মোট খরচ এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা যাচাই করতে পারবেন ক্রেতা। এরপর ফেস আইডি বা আঙুলের ছাপ দিয়ে অনুমোদন দিলেই কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতিটি লেনদেনের তথ্যও সংরক্ষিত থাকবে।
নিরাপদ থাকবে কার্ডের তথ্য
চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করতে প্রথমে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর এআই এজেন্টকে প্রয়োজন জানালেই কেনাকাটার সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড সংযুক্ত করলে প্রতিবার নতুন করে পেমেন্টের তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।
নিরাপত্তার জন্য লেনদেনে প্রকৃত কার্ড নম্বরের পরিবর্তে পেমেন্ট টোকেন ব্যবহার করা হবে। এতে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতার কাছে প্রকাশিত হবে না। তবে পণ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনে ক্রেতার ঠিকানা ও যোগাযোগের তথ্য বিক্রেতাকে জানানো হবে।
ওপেনএআই জানিয়েছে, নতুন ব্যবস্থায় কেনাকাটা করলেও ক্রেডিট কার্ডের প্রচলিত পুরস্কার সুবিধা বহাল থাকবে। পাশাপাশি কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও থাকবে।
আরও স্বয়ংক্রিয় হবে কেনাকাটা
প্রাথমিকভাবে সীমিত পরিসরে চালু হওয়া এ সুবিধার কার্যকারিতা যাচাইয়ের পর আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করতে চায় ওপেনএআই। ভবিষ্যতে কেনাকাটার ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে ব্যয়ের সীমা, পণ্যের ধরন এবং কেনাকাটার সময় নির্ধারণের মতো সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে এআই দিয়ে কেনাকাটার বিস্তারে বাধাও রয়েছে। বেশ কিছু অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও এ ধরনের কেনাকাটাকে নিরুৎসাহিত করছে। বরং নিজেদের এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় গ্রাহকদের আগ্রহী করতে চায় প্রতিষ্ঠানটি।
এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের উপযোগী করে তুলতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে অনলাইন বিক্রেতাদের জন্য প্রযুক্তিগত নির্দেশনা ও প্রয়োজনীয় টুল রাখা হয়েছে।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যক্তিগত কাজ সম্পাদনে এআই এজেন্ট ব্যবহারের প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানে এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা এখনো কম। অন্যদিকে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা জনপ্রিয় কার্যক্রমগুলোর একটি হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অনলাইন বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ওপেনএআই।