অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। নেপালের পর এবার হোবার্ট হারিকেন্স একাডেমিকেও হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।

রোববার ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ এইচপি।টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন টিগুই ওয়াইলি। ৫৩ বলের ইনিংসে ৭৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।

এ ছাড়া ব্র্যাডলি হোপ করেন ১৭ বলে ২২ রান। বাংলাদেশের হয়ে রুবেল তিনটি এবং রিপন মণ্ডল দুটি উইকেট শিকার করেন।জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৬০ রানেই চার উইকেট হারিয়ে ফেলে তারা।তবে এক প্রান্তে দৃঢ়ভাবে ব্যাট চালিয়ে পরিস্থিতি সামাল দেন সাব্বির রহমান। মাত্র ৩৬ বলেই অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন সাব্বির। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।

সাব্বির আউট হওয়ার পরও লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি এইচপি দল। শামীম ১৬ এবং এসএম মেহরব ১৩ রান করেন। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন ১৯ ও আবু হায়দার রনি ৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।