জাতীয় দলের পর এবার ক্লাবের জার্সিতেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগে সহকারী রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার আল-সাদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রোনালদোর দল আল-নাসর। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৮৭তম গোলের দেখা পান পর্তুগিজ অধিনায়ক। এর কিছুক্ষণ পর আবারও জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে আরেকটি অফসাইডের সিদ্ধান্ত ঘিরে মাঠে উত্তেজনা তৈরি হয়। প্রতিপক্ষের বাধার মুখে পড়ে পেনাল্টি পাওয়ার দাবি জানিয়েছিলেন রোনালদো। কিন্তু জর্ডানের রেফারি আদহাম মাখাদমেহ তার আবেদন গ্রহণ করেননি। বরং সহকারী রেফারির অফসাইড সংকেতের পর আল-সাদের পক্ষে ফ্রি-কিক দেওয়া হয়।
ম্যাচের পুনরায় দৃশ্য পর্যালোচনায় কর্মকর্তাদের সিদ্ধান্ত সঠিক বলেই প্রতীয়মান হয়। তবে এতে সন্তুষ্ট হতে পারেননি রোনালদো। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রথমে হাত দিয়ে নিজের চোখ ঢেকে রাখেন তিনি। পরে সহকারী রেফারির পতাকা তোলার ভঙ্গি করে ব্যঙ্গ করেন। তার এই আচরণ সংশ্লিষ্ট ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করেই করা হয়েছে বলে মনে হয়েছে।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি নিয়ে আল-নাসর সমর্থকদের মধ্যে শাস্তির আশঙ্কা তৈরি হয়েছে। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিলে পরবর্তী কয়েকটি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন এই তারকা।
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ‘বি’ গ্রুপে চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আল-নাসর। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে রোনালদোকে হারাতে হলে তা দলটির জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে।