বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে আবারও মালিকানা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, বর্তমান মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার প্রায় ২০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি বিক্রির বিষয়ে আগ্রহী।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। তবে লেস্টারের পক্ষ থেকে এখনো সম্ভাব্য বিক্রির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

একসময় ইংলিশ ফুটবলে রূপকথার জন্ম দেওয়া ক্লাবটি বর্তমানে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ২৪ দলের মধ্যে ২৩তম হয়ে তৃতীয় স্তরের লিগ ওয়ানে নেমে গেছে তারা। আর্থিক অনিয়মের অভিযোগে ছয় পয়েন্ট জরিমানার শাস্তিও পেয়েছে ক্লাবটি।

২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাই শ্রীবদ্ধনপ্রভা লেস্টারের মালিকানা নেন। এরপরই ক্লাবটির উত্থান শুরু হয়।২০১৪ সালে প্রিমিয়ার লিগে ফেরার মাত্র দুই বছরের মাথায় অবিশ্বাস্য সাফল্য পায় লেস্টার। ২০১৫-১৬ মৌসুমে ইংল্যান্ডের বড় বড় ক্লাবকে পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতে তারা।

এরপর ২০২১ সালে প্রথমবারের মতো এফএ কাপও জেতে লেস্টার। কিন্তু পরবর্তী সময়ে মাঠের পারফরম্যান্স ও আর্থিক অবস্থায় ক্রমাগত অবনতি ঘটে।টানা দুই মৌসুমে দুই দফা অবনমন এবং আর্থিক সমস্যার পর এবার ক্লাবটি নতুন মালিকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে কিং পাওয়ার। সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড।