জাতীয় দলের ব্যস্ততা আপাতত শেষ। আগামী বছরের মার্চের আগে বাংলাদেশের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা নেই হামজা চৌধুরীর। সে কারণে নির্ধারিত সময়ের আগেই ইংল্যান্ডে ফিরে গেছেন এই মিডফিল্ডার।
ফিফা উইন্ডোতে ক্লাবের অনুমতি নিয়ে গত ৯ নভেম্বর ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন হামজা। সাফ টুর্নামেন্টের ফাইনাল খেলে ১৯ নভেম্বর ইংল্যান্ডে ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু বাংলাদেশ ফাইনালে জায়গা করে নিতে না পারায় সফরসূচিতে পরিবর্তন আসে। আজ ঢাকা ছেড়ে ইংল্যান্ডের পথে রওনা হন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করেছে বাংলাদেশ। জাতীয় দলের পরবর্তী খেলা আগামী মার্চের ফিফা উইন্ডোতে। ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের এশীয় অঞ্চলের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ১৫ ডিসেম্বর। র্যাঙ্কিংয়ে শীর্ষ ২৬ দলের বাইরে থাকায় বাংলাদেশকে বাছাইপর্বের মূল লড়াইয়ে যেতে হলে প্রথমে প্লে-অফ খেলতে হবে। এই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের কথা রয়েছে।
আগের বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফে মালদ্বীপকে হারিয়ে পরবর্তী ধাপে উঠেছিল বাংলাদেশ। এবারও মার্চের প্লে-অফ পেরোতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলার সুযোগ তৈরি হবে। এ কারণে মার্চেই হামজার আবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এশীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্ব আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা। এর আগে জুনের ফিফা উইন্ডোতে সাফ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারি-মার্চের দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
হামজা ইংল্যান্ডে ফিরে গেলেও জাতীয় দলের অন্য কয়েকজন ফুটবলার এখনই ঢাকা ছাড়ছেন না। সামিত সোম পরিবারের সঙ্গে সময় কাটাতে কয়েক দিন শ্রীমঙ্গলে থাকবেন। জায়ান ও ফাহমিদুলও শিগগিরই নিজ নিজ গন্তব্যে ফিরবেন। তপু ও মোরসালিন যোগ দেবেন নিজেদের ক্লাবে। অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য সাদ উদ্দিনের ভারত যাওয়ার সম্ভাবনা রয়েছে।