আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। এর ফলে প্রতিযোগিতাটির ম্যাচগুলো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে গণ্য হবে। নেপালের ক্রিকেটের বিকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে এ স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দেশটির ক্রিকেট বোর্ড।
গত ১৬ অক্টোবর আইসিসির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। সংস্থাটির সচিব পারস খাড়কার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এবারের আসরে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ২৬ অক্টোবর শুরু হবে এনপিএলের এবারের আসর, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্স ও সুদূরপশ্চিম রয়্যালস। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
লিগ পর্ব শেষে ১৭ নভেম্বর থেকে শুরু হবে প্লে-অফ। ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা। এবারের আসরে বিদেশি কয়েকজন তারকা ক্রিকেটারেরও খেলার কথা রয়েছে।
এদিকে, ১৯ থেকে ২১ নভেম্বর নেপালে অনুষ্ঠিত হবে আইসিসি এশিয়া কনফারেন্স। সিএএনের তথ্য অনুযায়ী, সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা এনপিএলের এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। আইসিসির স্বীকৃতি এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতি নেপালের ক্রিকেট আয়োজনের গুরুত্ব আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।




