চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তনি। সেই সময়ই তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল বেটিসের এই ফুটবলার।
লা কার্তুহা স্টেডিয়ামে পোর্তোর বিপক্ষে ম্যাচ খেলেছিলেন অ্যান্তনি। মাঠের ব্যস্ততা শেষে বাড়িতে চুরির খবর পেয়ে ক্ষোভ, দুঃখ ও হতাশা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানান, ঘটনাটি তার জন্য আনন্দের রাতকে বেদনাদায়ক করে তুলেছে। বিশেষ করে বাড়ির আসবাবপত্রের ক্ষতি তাকে বেশি কষ্ট দিয়েছে।
অ্যান্তনি বলেন, অনেক পরিশ্রম, নিষ্ঠা ও সংগ্রামের মাধ্যমে অর্জন করা জিনিস অন্য কেউ নিয়ে গেছে—এটি ভাবতেই তার খারাপ লাগছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও নিজের বাড়িতে নিরাপত্তাহীনতার অনুভূতিই তাকে বেশি কষ্ট দিচ্ছে বলে জানান তিনি।
এ সপ্তাহে বাড়িতে চুরির শিকার হওয়া লা লিগার দ্বিতীয় ফুটবলার অ্যান্তনি। এর আগে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ভিয়ারিয়ালের ম্যাচে খেলতে পারেননি গোলরক্ষক পিটার গুলাচি। আগের দিন তিনি ও তার পরিবার সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন।




