ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পর এবার বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল ওলিসেকে বেছে নিয়েছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। ফুটবল বুটের প্রচারণায় প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান মুখ হতে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই ফরাসি তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, নাইকির সঙ্গে কয়েক মিলিয়ন ইউরোর স্পন্সরশিপ চুক্তি করেছেন ওলিসে। এর মাধ্যমে এমবাপ্পের শূন্যস্থান পূরণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি নাইকির সঙ্গে দুই দশকের সম্পর্ক শেষ করে সুইস ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অন-এর সঙ্গে চুক্তি করেছেন এমবাপ্পে।
বুটের ক্ষেত্রে ওলিসের পছন্দ বরাবরই আলাদা। বড় ব্র্যান্ডগুলোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি দীর্ঘদিন ধরে নাইকির হাইপারভেনম ফ্যান্টম ৩ মডেলের বুট ব্যবহার করছেন। ২০১৯ সালে বুটটির উৎপাদন বন্ধ হয়ে গেলেও অনলাইনে বিভিন্ন জায়গা থেকে সেটি সংগ্রহ করেন তিনি। কখনো কখনো নিজের পছন্দমতো নকশা করাতে শিল্পীদেরও সহায়তা নেন।
প্রতিবেদন অনুযায়ী, ওলিসের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ২০২৭ সাল থেকে হাইপারভেনম বুটের উৎপাদন আবারও শুরু করতে পারে নাইকি। এর প্রচারণায় থাকবেন বায়ার্নের এই তারকা। একই সঙ্গে ফ্যান্টম সিরিজের উৎপাদন বন্ধ করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির বলে জানা গেছে।
মাঠের পারফরম্যান্সেও দারুণ সময় কাটাচ্ছেন ওলিসে। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সাত ম্যাচে ছয়টি গোল করেছেন তিনি। ফ্রান্স জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচে করেছেন চার গোল।




