ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেন জয়াবর্ধনে। তার অধীনে তিনবার আইপিএলের শিরোপা জেতে দলটি। ২০২৪ সালের আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর ২০২৫ সালে আবারও কোচের দায়িত্বে ফেরেন তিনি। সে সময় দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হয়েছিলেন জয়াবর্ধনে।
তবে দ্বিতীয় মেয়াদে দলকে শিরোপা জেতাতে পারেননি এই লঙ্কান কোচ। ২০২৫ ও ২০২৬ সালের আসরে পয়েন্ট তালিকার নিচের দিকে ছিল মুম্বাই।
বিদায়বার্তায় জয়াবর্ধনে বলেন, গত এক দশক ধরে মুম্বাই ইন্ডিয়ান্স তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। খেলোয়াড় ও কোচ হিসেবে এই দলের সঙ্গে কাটানো সময় এবং অর্জনগুলো তার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। মুম্বাইকে একটি পরিবারের মতো উল্লেখ করে তিনি দলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। মুম্বাইয়ের মালিক নীতা অম্বানীও জয়াবর্ধনের অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, দলের সাফল্যে জয়াবর্ধনের নেতৃত্ব, দায়বদ্ধতা ও মুম্বাইয়ের প্রতি ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জয়াবর্ধনের বিদায়ের পর ২০২৭ সালের আইপিএলের জন্য নতুন প্রধান কোচ নিয়োগ করতে হবে মুম্বাইকে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইক হাসি, অ্যারন ফিঞ্চ এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়োইন মরগান।
ছবির ক্যাপশন: মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে।