ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশে স্বল্প সময়ের জন্য অবস্থান করতে পারেন। তবে তিনি ঢাকায় আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ভুটানের থিম্পু সফরে যাওয়ার পথে বাংলাদেশে ট্রানজিট নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
ভুটানে সরাসরি সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল না করায় থিম্পু যাওয়ার পথে ঢাকাসহ সম্ভাব্য কয়েকটি স্থানে যাত্রাবিরতি নিতে পারেন ইনফান্তিনো। এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারপরও সম্ভাব্য সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তিনি জানান, ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে এবং তার সম্মতি থাকলে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা রাখতে চায় বাফুফে।
ইনফান্তিনো বিমানবন্দরের ভিআইপি এলাকায় অবস্থান করলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের। সেই সাক্ষাতের পর এবার সম্ভাব্য বাংলাদেশ যাত্রাবিরতি নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।




