আসিয়ান কাপে জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি এবং খেলোয়াড়দের অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকায় ফুটবল ম্যাচ খেলা নিয়ে পর্যালোচনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি।
সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত সভায় ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে আসিয়ান কাপে দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখার পাশাপাশি মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগও আলোচনায় আসে।
আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০, সিঙ্গাপুরের কাছে ১-০ এবং স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারে বাংলাদেশ। তিন ম্যাচেই পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় টমাস ডুলির দল। হামজা চৌধুরী ও শোমিত সোমের মতো খেলোয়াড় দলে থাকলেও রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি দলটি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের একটি পার্টিতে অংশ নেওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি বৈঠকেও আলোচনায় আসে।
সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, আসিয়ান কাপে দলের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের বিরুদ্ধে ওঠা অভিযোগও পর্যালোচনা করা হবে। তিনি নিজে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন এবং অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে কমিটির কাছে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করবেন।
জাতীয় দলের খেলোয়াড়দের বিভিন্ন এলাকায় গিয়ে অর্থের বিনিময়ে ম্যাচ খেলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর আগে টাঙ্গাইলে কয়েকজন খেলোয়াড়ের ‘ক্ষ্যাপ’ খেলার অভিযোগ উঠেছিল। তাবিথ আউয়াল বলেন, আগের অভিযোগটি হয়তো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এবার সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা আলোচনা ও কাউন্সেলিংয়ের পরিকল্পনা রয়েছে।
এদিকে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। ২০০৩ সালে সর্বশেষ সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দলকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাফুফে।
ভবিষ্যতের খেলোয়াড় তৈরির অংশ হিসেবে অনূর্ধ্ব-২৩ দলকে নিয়মিত প্রস্তুতির মধ্যে রাখার পরিকল্পনাও রয়েছে। ফিফা আন্তর্জাতিক বিরতিতে অনুশীলনের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের চিন্তা করছে ফেডারেশন। প্রয়োজনে আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা না থাকলেও এসব ম্যাচ আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।