আগামী মৌসুম থেকে ফুটবলে কার্যকর হচ্ছে সময়ক্ষেপণ রোধ ও খেলার গতি বাড়ানোর লক্ষ্যে একাধিক নতুন নিয়ম।** সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পরীক্ষামূলক প্রয়োগের পর ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় এসব নিয়ম কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
### গোল-কিক ও থ্রো-ইনে ৫ সেকেন্ডের কাউন্টডাউন
থ্রো-ইন ও গোল-কিক নিতে অহেতুক দেরি করলে রেফারি ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বল প্রতিপক্ষ দলের হাতে চলে যাবে। একইভাবে গোল-কিক নিতে অতিরিক্ত সময় নষ্ট করলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।
### ১০ সেকেন্ডে মাঠ ছাড়তে হবে
বদলি হওয়ার সময় মাঠের বাইরে যাওয়া খেলোয়াড়কে নিকটতম সীমানারেখা দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে বদলি খেলোয়াড়কে অন্তত এক মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে। ফলে ওই সময় দলটি একজন কম খেলোয়াড় নিয়ে খেলবে।
### চোটের ক্ষেত্রে এক মিনিটের বিরতি
চোটের কারণে খেলা বন্ধ হলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে চিকিৎসার জন্য মাঠের বাইরে অন্তত এক মিনিট থাকতে হবে। কৌশলগত কারণে ইচ্ছাকৃতভাবে চোটের অভিনয় করে খেলার গতি নষ্ট করার প্রবণতা কমাতেই এ নিয়ম। তবে ফাউলকারী খেলোয়াড় কার্ড পেলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
### গোলরক্ষকের চিকিৎসায় নতুন বিধান
গোলরক্ষক মাঠে পড়ে গিয়ে চিকিৎসার প্রয়োজনের কথা জানালে তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে কোচের নির্দেশে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে চোটের অজুহাতে গোলরক্ষকের চিকিৎসার বিরতি নিয়ে কৌশলগত নির্দেশনা নেওয়ার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।
### পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবলে স্পষ্টতা
ডি-বক্সের ভেতর গোলরক্ষক বা ডিফেন্ডার বল কিক করার পর সেটিকে ইন-প্লে বা সচল হিসেবে বিবেচনা করা হবে। এরপর ওই অবস্থায় ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি দেওয়া হবে। গোলরক্ষক ব্যাকপাস থেকে বল হাতে নিলে দেওয়া হবে ইনডাইরেক্ট ফ্রি-কিক।
### ভিএআরের পরিধি বাড়ছে
নতুন নিয়মে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখানোর সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে পর্যালোচনার সুযোগ থাকবে। পাশাপাশি সেট-পিস শুরুর ঠিক আগে সংঘটিত ফাউলের পর গোল হলে সেই ঘটনাও ভিএআর যাচাই করতে পারবে।
নতুন নিয়মগুলোর মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়; বরং খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন এনে ম্যাচে অপচয় হওয়া সময় কমানো এবং সমর্থকদের আরও বেশি সময় কার্যকর ফুটবল উপভোগের সুযোগ করে দেওয়া।