ভারতের ফুটবল অঙ্গনে সামনে আসছে ঐতিহাসিক এক ম্যাচ। আগামী অক্টোবরে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই ম্যাচের সূচির সঙ্গে সংঘাত হওয়ায় আশিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ এবং আশিয়ান কাপ একই সময়ে হওয়ায় দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয়।

আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে এবারই প্রথম এই প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা। ভারত আশিয়ান সদস্য না হলেও বিশেষ আমন্ত্রণে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল।

টুর্নামেন্টে ভারতের গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। প্রতিযোগিতাটি ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।শুরুতে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানোর পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছে ফেডারেশন।

ভারতের সাবেক ফুটবলার ভাইচুং ভুটিয়া অবশ্য সিদ্ধান্তটির বিরোধিতা করেছেন। তার মতে, আশিয়ান কাপ জাতীয় দলের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। একটি আন্তর্জাতিক ম্যাচের তুলনায় একাধিক প্রতিযোগিতামূলক ম্যাচ খেললে দলের দীর্ঘমেয়াদি উন্নতি বেশি হতে পারে।

তবে ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার সুযোগও যে বিশেষ, সেটি স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে তার প্রশ্ন, মাত্র একটি ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট বাদ দেওয়ার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কতটা লাভজনক হবে।