বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আর্থিক বাস্তবতার কথা তুলে ধরেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষে একটি ম্যাচের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করার মানসিকতা নেই।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে আগামী ৬ অক্টোবর প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে বাফুফে।

আমিনুল হক বলেন, ব্রাজিলের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বাংলাদেশে এসে খেলা নিঃসন্দেহে বড় অর্জন। এতে দেশের মানুষ আনন্দিত হবে এবং ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণ হবে। তবে শুধু ব্রাজিলের সঙ্গে একটি ম্যাচ খেললেই বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এমনটা তিনি মনে করেন না।

তিনি জানান, ভারত-ব্রাজিল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়টি সামনে এসেছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার এ ধরনের ব্যয় বহন করতে চায় না। তবে বাফুফে বিভিন্ন স্পনসর ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে ব্যয়ভার বহন করতে পারলে সরকার সার্বিক সহযোগিতা করবে।বাফুফের সঙ্গে ব্রাজিলের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।