মিসরের ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ সালাহ। জাতীয় দলের হয়ে গোলসংখ্যায় সাবেক তারকা ও কোচ হোসাম হাসানকে ছাড়িয়ে গেছেন তিনি। একই সঙ্গে ২৩ বছরের পুরোনো একটি দলীয় রেকর্ডেও ভাগ বসিয়েছে মিসর।
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলের জয় পেয়েছে মিসর। দক্ষিণ সুদানকে ৫-০ গোলে হারানোর পর এবার একই ব্যবধানে মালাবিকে পরাজিত করেছে তারা। ২০০৩ সালের জুনের পর এই প্রথম টানা দুই ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করল দলটি।
এর আগে ২০০৩ সালের ৮ জুন মরিশাসকে ৭-০ গোলে হারিয়েছিল মিসর। ১২ দিন পর মাদাগাস্কারের বিপক্ষে ৬-০ গোলের জয় তুলে নিয়ে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের নজির গড়েছিল দলটি।
চলতি বাছাইপর্বে অবশ্য শুরুটা ভালো হয়নি মিসরের। অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করে তারা। তবে পরের দুই ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ঘুরে দাঁড়ায় দলটি।
মালাবির বিপক্ষে ম্যাচটি সালাহর ব্যক্তিগত অর্জনের দিক থেকেও স্মরণীয় হয়ে থাকল। জাতীয় দলের হয়ে ৭০তম গোল করে আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
এই তালিকায় ৭৯ গোল নিয়ে শীর্ষে জাম্বিয়ার গডফ্রে চিতালু। ৭১ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন মালাবির সাবেক ফুটবলার কিন্নাহ ফিরি। আর ৬৯ গোল নিয়ে এত দিন সালাহর ওপরে থাকা হোসাম হাসানকে পেছনে ফেলেছেন লিভারপুলের এই তারকা।
জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে এবার নিজের দেশের ইতিহাসের পাশাপাশি আফ্রিকান ফুটবলেও নতুন উচ্চতায় পৌঁছালেন সালাহ।