আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তির ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসও বাদ যাননি সেই আবেগ থেকে। আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

মেসির অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে একের পর এক প্রতিক্রিয়া আসছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), মেসির পরিবারের সদস্য এবং জাতীয় দলের সতীর্থরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।এর মধ্যেই গতকাল রাতে মেসির উদযাপনের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন লিটন দাস।

সেখানে মেসিকে উদ্দেশ করে বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লেখেন, ‘প্রিয় লিও। তুমি শুধু সর্বকালের সেরা ফুটবলারই নও। বরং পুরো বিশ্ব যে শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের দেখেছে, তাদেরও একজন।’লিটন জানান, মেসির কারণেই আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে। মেসির খেলা দেখার মধ্য দিয়ে অসংখ্য ভক্তের মতো তিনিও আর্জেন্টিনার সঙ্গে আবেগের বন্ধনে জড়িয়ে পড়েছেন।

তিনি লেখেন, ‘তোমার কারণেই আমার মতো অসংখ্য ভক্ত আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি পাগলের মতো ভালোবাসায় জড়িয়ে পড়েছি। এতগুলো বছর ধরে তোমার অসাধারণ নৈপুণ্য উপভোগ করা ছিল এক অপার আনন্দের বিষয়।’মেসিকে ছাড়া আর্জেন্টিনার একাদশ কল্পনা করাও কঠিন উল্লেখ করে লিটন বলেন, এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে ভক্তদের।

মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি ২০২২ সালের বিশ্বকাপ জয়। লিটনের কাছেও সেটিই মেসির ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়।তিনি বলেন, একজন ভক্ত হিসেবে ২০২২ বিশ্বকাপই তার কাছে ছিল ‘চূড়ান্ত শিখর’। ফ্রান্সের বিপক্ষে সেই নাটকীয় ফাইনাল এবং বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে যেন ফুটবলপ্রেমীদের কাছে একটি পূর্ণতার মুহূর্ত তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ সময় আন্তর্জাতিক শিরোপার অপেক্ষায় থাকার পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে মেসি ও আর্জেন্টিনার সাফল্যের নতুন অধ্যায় শুরু হয়। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি জেতেন মেসি।এর আগে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় দলটি।

২০২১ সালের কোপা আমেরিকার পর ২০২২ সালের ফিনালিসিমা এবং বিশ্বকাপ, এরপর ২০২৪ সালের কোপা আমেরিকা—জাতীয় দলের হয়ে একের পর এক বড় শিরোপা জিতে মেসি নিজের ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায়কে পূর্ণতা দেন।লিটন তার পোস্টে মেসিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ লিও। চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ। চিরকাল তোমার ভক্ত হয়ে থাকব। তোমাকে সবসময় ভালোবাসব লিও।’

২০১৬ সালেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবার আর্জেন্টিনার হয়ে মাঠে ফেরেন তিনি। এবার ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ায় ২০১৬ সালের মতো আবারও ফেরার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

আর্জেন্টিনার হয়ে মেসি খেলেছেন ২০৭টি ম্যাচ। করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বল জিতে একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপে এই পুরস্কার পাওয়ার কীর্তিও রয়েছে তার।

আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছেন মেসি। এছাড়া ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতেছেন সোনার পদক।এসব অর্জনের মধ্য দিয়ে আর্জেন্টিনা এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি।