ব্যালন ডি’অরের লড়াইয়ে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রতি সমর্থন জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ বলে অভিহিত করেছেন সান্তোসের এই ফরোয়ার্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার একটি পরিসংখ্যানভিত্তিক গ্রাফিক শেয়ার করেন। সেখানে তার পিএসজির হয়ে খেলা ২০১৭-১৮ মৌসুমের পারফরম্যান্সের সঙ্গে বার্সেলোনার হয়ে ইয়ামালের চলতি মৌসুমের শুরুর দিকের পরিসংখ্যান তুলনা করা হয়েছে।
গ্রাফিক অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে ২৭ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছিলেন নেইমার। অন্যদিকে, চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথম ১০ ম্যাচে ইয়ামালের গোল ৮টি, অ্যাসিস্ট ৯টি। এই পরিসংখ্যান তুলে ধরে নেইমার ইয়ামালকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন।
নেইমারের এই সমর্থন ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দৌড়কে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। দুই তারকার সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। ২০২৫ সালে ব্রাজিলে একসঙ্গে ছুটি কাটানোর পর তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।